নোয়াখালীতে ধানক্ষেত থেকে কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সমাজের এক নারী ধান ক্ষেতে গরুর গোবর টোকাতে যায়। এ সময় ওই নারী মুখে কস টেপ পেঁছানো, হাত-পা বাঁধা এক কিশোরের মরদেহ পড়ে থাকতে  দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে।  

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কাহারা রোববার দিবাগত গভীর রাতে এ কিশোরকে অন্য কোন জায়গায় হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে। নিহত যুবকের মরদেহের কাছ থেকে একটি মাক্স, ১টি পেঁয়াজ, ১ জোড়া হাত মোজা, একটি ম্যাচ পাওয়া যায়।