নিজস্ব প্রতিবেদক: উৎসাহ-উদ্দীপনায় চলছে আয়কর মেলা। গতকাল মেলার পঞ্চম দিন সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকেই করদাতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। পঞ্চম দিন সারা দেশে ২৯০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭০৮ টাকার আয়কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন দুই লাখ ৪৮ হাজার ৯১৭ জন, রিটার্ন দাখিল হয়েছে ৮১ হাজার ৫৯৯টি ও ই-টিআইএন নিবন্ধন নিয়েছে পাঁচ হাজার ৪৮৮ জন।
গতকাল দেশের আটটি বিভাগ, ৫২টি জেলা এবং ১৩টি উপজেলাসহ মোট ৭৩টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার মতোই মেলার পঞ্চম দিন সারা দেশে করদাতারা স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে পেশাজীবী, চাকরিজীবী, তরুণ করদাতা, নারী করদাতা, অনলাইন রিটার্ন দাখিল বুথে করদাতাদের ছিল সরব উপস্থিতি। মেলায় ঢুকলেই চোখে পড়বে অনুসন্ধান ও তথ্য কেন্দ্র। সেখান থেকে তথ্য নিয়ে যেতে হয় বিভিন্ন স্টলে। তারপর মিলবে কর-সংক্রান্ত সব ধরনের সেবা। সবাই তাই করছেন। বিশেষ করে যারা নতুন কর দিচ্ছেন তারা সবাই তথ্য সংগ্রহের জন্য সেখানে যাচ্ছেন। মেলায় আয়কর রিটার্ন জমা, নতুন ই-টিন খোলা কিংবা করসেবা দেওয়াসহ সব কাজই চলছে ক্লান্তিহীনভাবে। সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ছুটির দিনে অফিসের ব্যস্ততা না থাকায় গতকাল মেলায় আয়কর দিচ্ছেন। নবমবারের মতো আয়োজিত রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার গতকাল শুক্রবারও ছিল প্রচণ্ড ভিড়।
অন্যদিকে গতকাল অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছে এনবিআর। এর ফলে এখন থেকে করদাতারা আধুনিক পদ্ধতিতে কর শিক্ষণে অংশ নিতে পারবেন। চারটি ডকুড্রামায় রিটার্ন দাখিলের তথ্য সংযোজন করা হয়। নাটিকার মতো এ ভিডিওগুলো দেখলে করদাতারা নিজেই তার রিটার্ন তৈরি করতে পারবেন। ভবিষ্যতে এসব ভিডিও এনবিআরের নিজস্ব ইউটিউব চ্যানেলেও আপলোড করা হবে বলেও জানায় এনবিআর। গতকাল অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী চলমান আয়কর মেলায় অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেলার সমন্বয়ক ও এনবিআর (আয়কর) সদস্য জিয়া উদ্দিন মাহমুদ, কর একাডেমির মহাপরিচালক মো. বজলুর কবির ভূঁইয়া ও কর অঞ্চল-১৩’র অতিরিক্ত কর কমিশনার সুবর্ণা চৌধুরী উপস্থিত ছিলেন।
অডিও ভিজ্যুয়াল পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে মেলার সমন্বয়ক জিয়া উদ্দিন মাহমুদ বলেন, ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে এনবিআর এগিয়ে চলছে। তারই অংশ হিসেবে অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে অনলাইনেই কর-সংক্রান্ত সব ধরনের সেবা পাওয়া যাবে। এতে হয়রানি কমার সঙ্গে সঙ্গে বাড়বে করদাতাদের সচেতনতাও। এনবিআরের অতিরিক্ত কর কমিশনার সুবর্ণা চৌধুরী বলেন, কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে চারটি ক্লিপ তৈরি করা হয়েছে। ক্লিপগুলো নাটিকার মতো হলেও এর ৮০ শতাংশ সময় গ্রাফিক্সে তথ্যনির্ভর। ফলে করদাতারা এসব ভিডিও ক্লিপস দেখলে সহজেই নতুন রিটার্ন ফরম পূরণ করতে পারবে। সুবর্ণা জানান, শিগগিরই এসব ভিডিও ইউটিউবে আপলোড করা হবে। তবে এখন পর্যন্ত এনবিআরের অফিসিয়াল কোনো ইউটিউব চ্যানেল না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভবিষ্যতে ই-টিআইএন নিবন্ধন, অনলাইনে কর দেওয়া (ই-পেমেন্ট) ও অনলাইনে রিটার্ন ফরম পূরণ (ই-ফাইলিং) অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর-সংক্রান্ত সব ধরনের সেবা দেওয়া হবে। প্রতিদিনের মতো আজও অনুষ্ঠিত হয়েছে কর শিক্ষণ ফোরাম। এতে নটর ডেম কলেজের ৪০ শিক্ষার্থী অংশ নেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Print Date & Time : 14 May 2026 Thursday 4:18 am
পঞ্চম দিন ২৯০ কোটি টাকার কর আদায়
পত্রিকা ♦ প্রকাশ: