পরমাণু যুদ্ধ চায় না রাশিয়া

শেয়ার বিজ ডেস্ক: পরমাণু যুদ্ধে জয়ী হওয়া যায় না, এ ধরনের যুদ্ধ করা উচিত নয় বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেনে দখল করা এলাকাগুলো থেকে সাম্প্রতিক মাসগুলোয় পিছু হটার পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছিল রাশিয়া পরমাণু হামলা করতে পারে। এ পরিস্থিতিতে এক বিবৃতিতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে এ তথ্য জানিয়েছে দেশটি। খবর: এএনআই।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর মে মাসে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালানোর ঘোষণা দেয় রাশিয়া।

এর আগে ফেব্রুয়ারির শেষের দিকেও ইউক্রেনে সৈন্য পাঠানোর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ইঙ্গিত দিয়েছিলেন। একে অনেকে হুমকি মনে করেছিলেন। এছাড়া এপ্রিলের শেষের দিকে পরমাণু যুদ্ধের হুমকিকে বাস্তবসম্মত বলেও আখ্যা করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কখন ও কীভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যায়, তা নিয়ে রাশিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গত মাসে আলোচনা করেছেন। হোয়াইট হাউস গত কয়েক মাস ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগের কথা বলে আসছে। তবে তাদের ভাষ্য অনুসারে, রাশিয়ার এ ধরনের কোনো হামলা চালানোর প্রস্তুতি নেয়ার লক্ষণ এখনও দেখেনি যুক্তরাষ্ট্র।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও পশ্চিমাদের বিরুদ্ধে বেপরোয়াভাবে পারমাণবিক যুদ্ধ নিয়ে শোরগোল করার অভিযোগ করেছেন। তবে অক্টোবরের মাঝামাঝি রুশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ক আলোচনা যথেষ্ট উদ্বেগের। এমনকি গত সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এক ভাষণ পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে জল্পনাকল্পনা বাড়িয়ে দেয়। পশ্চিমাদের বিষোদগারের পাশাপাশি তিনি তখন বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেনের অধিকৃত এলাকাগুলো রক্ষায় সব কিছু ব্যবহার করবেন তিনি।