Print Date & Time : 22 April 2026 Wednesday 7:09 am

পাঁচ বছরে সর্বোচ্চ দরপতনে সৌদি পুঁজিবাজার, ১৩৩ বিলিয়ন ডলার ক্ষতি

সৌদি আরবের পুঁজিবাজার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে। স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) ২০২০ সালের মে মাসের পর সবচেয়ে বড় দৈনিক পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়, যার ফলে বাজার মূলধন থেকে প্রায় ১৩৩ বিলিয়ন ডলার (প্রায় ১৪ লাখ কোটি টাকা) লোকসান হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ বিজনেস এ তথ্য জানায়।

গালফ বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং তেলের দাম কমার প্রভাবেই এই ধস নেমেছে। তাদাওয়ুল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) ৬.১% বা ৭০০ পয়েন্টের বেশি কমে ১১ হাজার ২শ’ পয়েন্টের নিচে নেমে গেছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীরা বিক্রির চাপে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ট্রাম্প গত ৫ এপ্রিল থেকে উপসাগরীয় দেশগুলোর রপ্তানিতে ১০% শুল্ক আরোপ করেছেন, যা তিনি ‘অন্যায্য বাণিজ্য চর্চা’ ঠেকানোর পদক্ষেপ বলে দাবি করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীন, ইউরোপ এবং অন্যান্য বড় অর্থনীতির দেশগুলো পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর প্রভাবে তেলের দাম চার বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়, যা সৌদিসহ গোটা উপসাগরীয় অঞ্চলের বাজারকে প্রভাবিত করেছে।

সৌদি আরামকো এ ধসের সবচেয়ে বড় শিকার হয়েছে, যার শেয়ার ৬.২% কমে ৯০ বিলিয়ন ডলার বাজার মূলধন হারিয়েছে। আল রাজি ব্যাংক এবং সৌদি ন্যাশনাল ব্যাংকের মতো বড় কোম্পানিগুলোর শেয়ারও ৫ থেকে ৬% কমেছে। প্রথম ৩০ মিনিটেই লেনদেনের ভলিউম ২.২ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছায়, যার বেশিরভাগই ছিল আরামকো, আল রাজি এবং এসটিসি-এর শেয়ার।

রোববার (৬ এপ্রিল) স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় তাদাওয়ুল অল শেয়ার সূচকের সর্বশেষ অবস্থান দাঁড়ায় ১১ হাজার ৭৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ৬.৭৮% বা ৮০৫ পয়েন্ট কম।