Print Date & Time : 20 April 2026 Monday 1:22 pm

পাখির হাটের নির্দিষ্ট স্থানের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: পাখি বিক্রয়ের নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবীতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার পাখি খামারী ও ব্যবসায়ীরা।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে  এ মানববন্ধন করে তারা।

এসময় বক্তারা বলেন, জেলা শহরে সপ্তাহের শুক্র ও সোমবার এই দুদিন পাখির হাট বসে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে পাখি ব্যবসায়ী ও ক্রেতাদের সমাগম ঘটে। প্রতি হাটেই ১০ লক্ষাধিক টাকার পাখি বিক্রি হয়ে থাকে। এতে বিপুল সংখ্যক বেকারদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হচ্ছে পাশাপাশি দিন দিন এর পরিধিও বাড়ছে। কিন্তু পাখির হাটের জন্য নির্ধারিত স্থান না থাকায় ক্রেতা বিক্রেতারা দুর্ভোগ পোহাচ্ছেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন যাবৎ পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন জায়গায় আবেদন করেও কোন সুফল পাচ্ছেন না তারা। এতে হাটের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসময় অবিলম্বে পাখির হাটের জন্য একটি স্থায়ী জায়গা নির্ধারণের দাবী জানান ব্যবসায়ীরা।