Print Date & Time : 19 April 2026 Sunday 10:24 am

পিকনিকের বাস উল্টে শিক্ষার্থীর মৃত্যু, আহত ৪০

প্রতিনিধি, নেত্রকোণা : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর এলাকায় পিকনিকের বাস উল্টে হিমেল শেখ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৪০ জন। বুধবার (৮ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল শেখ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়ি গ্রামের বাসিন্দা রহিম শেখের ছেলে। সে ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ি বায়তুল কুবা জামে মসজিদ ও মাদরাসার শিক্ষার্থী।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল আহমেদ বলেন, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ি বায়তুল কুবা জামে মসজিদ ও মাদ্রাসা থেকে ছাত্রদের নিয়ে সোয়াদ পরিবহন নামের একটি বাসে করে দুর্গাপুর উপজেলায় পিকনিকে যাচ্ছিল মাদরাসা কর্তৃপক্ষ। পথে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।