Print Date & Time : 21 April 2026 Tuesday 11:01 am

পুঁজিবাজার ইস্যুতে রোববার সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে সভা ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ৫ মে থেকে শুরু হওয়া সম্মেলন চলবে আজ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সম্মেলন শেষে তিনি দেশে ফিরে আসবেন এবং প্রধান উপদেষ্টার আহ্বানে ডাকা সভায় তিনি অংশ নেবেন। ওই সভা শেষে তিনি আবার কাতারের সম্মেলনে অংশ নেবেন।’

দীর্ঘদিন ধরে অস্থিরতায় রয়েছে দেশের পুঁজিবাজার। পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা দিনের পর দিন হচ্ছেন নিঃস্ব। সৃষ্ট এ সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে বিনিয়োগকারীদের দাবি আমলে নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা।

গত ৬ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ১১ মে দুপুর ১২টায় ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হবে। সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মোহাম্মদ আনিসুজ্জামান চৌধুরী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গত ৫ মে যুক্তরাষ্ট্র ও কাতার সফরে যান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পৃথক দুই দেশের দুটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি ১১ দিনের বিদেশ সফরে রয়েছেন। বিশ্বের সব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নেন তিনি। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে গত ৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ সম্মেলন শুরু হয়েছে। আজ পর্যন্ত এ সম্মেলন চলবে।

কাতারের রাজধানী দোহায় ১২ থেকে ১৫ মে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) ৫০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনেও যোগ দেবেন খন্দকার রাশেদ মাকসুদ।