Print Date & Time : 27 April 2026 Monday 3:33 am

পোশাককর্মীদের বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৪

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে পোশাকশ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হন ১৫ শ্রমিক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের মাইজপাড় ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ময়নসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টার দিকে শ্রীপুর থেকে ছেড়ে যায়। কাওরাইদ স্টেশন ও সাতখামাইর  স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজপাড়া ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে শ্রমিকবাহী বাসটি। এতে চার পোশাক শ্রমিক নিহত হন।

দুর্ঘটনাকবলিত বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার বলেও জানান এই স্টেশন মাস্টার।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, ঘটনাস্থলে এক নারী শ্রমিক মারা যান। আহতদের কয়েকজনকে ট্রেনে চিকিৎসার জন্য ময়মনসিংহ নেয়ার পথে দুজন মারা যান।  অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। বাকিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।