Print Date & Time : 23 April 2026 Thursday 12:44 am

প্রতিশোধ নিতেই বিদ্যুৎকেন্দ্রে হামলা করেছে রাশিয়া : ইউক্রেন

শেয়ার বিজ ডেস্ক : ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার প্রধান ঘাঁটি দখলে নিয়েছে ইউক্রেন। এর প্রতিক্রিয়ায় ওই অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, প্রতিশোধমূলক হামলা চালাতে খারকিভের পানি সরবরাহ ব্যবস্থা এবং একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। এতে সেখানে বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, হামলার উদ্দেশ্য হলো আলো ও তাপ থেকে মানুষকে বঞ্চিত করা।

এদিকে ইউক্রেনের মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক এ হামলার নিন্দা জানিয়েছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার কথা অস্বীকার করা হয়েছে।

 জেলেনস্কির মতে, কিয়েভ আরও শক্তিশালী অস্ত্র পেলে শীতকালে আরও কয়েকটি অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হবে। 

ইউক্রেনের চিফ কমান্ডার জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেন, এরই মধ্যে সেনারা ৩ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলমুক্ত করেছে।