প্রাণের অলটাইম ভ্যানিলা বানের ভেতর সাপ!

প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে প্রাণ গ্রুপের বেকারি ব্র্যান্ড অলটাইম চকো ভ্যানিলা বানের ভেতর মিলেছে বিষধর সাপ। এ সাপ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন হবিগঞ্জ শহরের বাসিন্দা সৈয়দ ফরিদ মিয়া। এ ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। এতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।
বিষয়টি নিয়ে গতকাল সোমবার হবিগঞ্জে প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মনজুরুল হক বলেন, ‘একটি প্যাকেটজাত পণ্যে কীভাবে জীবন্ত সাপ থাকতে পারে, তা আমার সন্দেহ হচ্ছে। আমি মনে করি, কোম্পানির মানসম্মান ক্ষুন্ন করার জন্য কেউ প্রতারণার আশ্রয় নিয়েছে।’ এ বিষয়ে তদন্ত করার জন্য হেড অফিস থেকে লোক পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত শুক্রবার বিকালে হবিগঞ্জ শহরের বাইপাস রোডে ‘পঙ্খিরাজ স্টোর’ থেকে দুটি বন কেনেন মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ব্যবসায়ী সৈয়দ ফরিদ মিয়া। এ সময় ওই দোকানে বসেই তিনি ও তার এক বন্ধু বন খাচ্ছিলেন। এ সময় হঠাৎ বনের ভেতর থেকে একটি সাপ বেরিয়ে আসে, যা সম্পূর্ণ জীবন্ত ছিল। এ সময় তিনি বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।