ফয়েজ আহমদের চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ

ফয়েজ আহমদ তৈয়্যব একজন লেখক, গবেষক, ব্লগার ও টেকসই উন্নয়ন  কর্মী। বাংলাদেশের অবকাঠামো, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে তিনি লেখালেখি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগ ও বিভিন্ন পত্রিকায় তার লেখা বের হয়। তিনি এবার প্রথম বই লিখলেন। ‘চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ’ শিরোনামের বইটিতে তিনি তুলে ধরেছেন একটা শিল্পবিপ্লবের গতি, পরিসর ও গভীরতা ঠিক কীভাবে বিকশিত করা উচিত, তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক সংলাপ দরকার। নতুন প্রযুক্তিগুলোর ব্যবহার কীভাবে শ্রমবৈষম্য ও আর্থ-সামাজিক ঝুঁকি কমিয়ে আনবে, কীভাবে মানবিক মূল্যবোধকে শ্রদ্ধা করবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এমন উপলব্ধি তৈরির গুরুত্ব দেওয়া হয়েছে ‘চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ’ বইটিতে।

বাংলাদেশ মূলত কৃষিশ্রমিক, তৈরি পোশাকশিল্প শ্রমিক ও প্রবাসী শ্রমিক এ তিন ধরনের স্বল্প দক্ষ মানবসম্পদ দ্বারা চালিত অর্থনীতির দেশ। এ দেশের অবকাঠামো, শিক্ষাব্যবস্থা, বৈদেশিক শ্রমবাজার ও সার্বিক কর্মসংস্থানÑচতুর্থ শিল্পবিপ্লবের অটোমেশনে পড়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে, এই উপলব্ধিগুলোই এ বইয়ের আলোচ্য বিষয়।

ফয়েজ আহমদ তৈয়্যব ১৯৮০ সালে কুমিল্লার মনোহরগঞ্জ লাকসাম উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯৭ সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও ১৯৯৯ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০০৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৫ থেকে ২০০৭ সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেন। বর্তমানে তিনি সিনিয়র সফটওয়্যার সল্যুশন আর্কিটেক্ট হিসেবে ‘ভোডাফোনজিজ্ঞো’ নেদারল্যান্ডসে কর্মরত রয়েছেন। এর আগে তিনি অ্যালকাটেল লুসেন্ট বাংলাদেশ, টেলিকম মালয়েশিয়া বাংলাদেশ একটেল (বর্তমান রবি), এমটিএন কমিউনিকেশনস নাইজেরিয়া, এরিকসন ঘানা, এরিকসন দক্ষিণ কোরিয়া প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রজন্মের মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক ডিজাইন ও বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করেছেন। 

তার প্রথম বই পাওয়া যাচ্ছে রকমারিতে। নিচে এর লিংক দেওয়া হলো:  https://www.rokomari.com/book/198496/fourth-industrial-revolution-and-bangladesh