ফরিদপুরে ৪২ কেজি রুপাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে ৪২ কেজি রুপার অলংকারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুই যুবক হলেন ফরিদপুর শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার কাজী হাফিজুল হকের ছেলে কাজী মো. আসাদুজ্জামান (৪০) এবং একই এলাকার আসলাম খানের ছেলে মো. সানি খান (২৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টায় জেলা শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় রুপাসহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রুপা ছাড়াও এসময় একটি মোটরসাইকেল, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে রুপার অলংকার এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের এই ওসি বলেন, এ বিষয়ে এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-খ(১) ধারায় এজাহার দায়ের করেছেন।