নিজস্ব প্রতিবেদক: আরেক দফা বাড়ছে ভোজ্যতেলের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে ‘নিত্যপণ্যের মজুত পরিস্থিতি, আমদানি ও দাম নির্ধারণ’ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তেলের দাম বাড়ানোর এ প্রস্তাব করা হয়।
বাণিজ্যমন্ত্রী ও সচিব এই প্রস্তাব অনুমোদন দিলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে দামবৃদ্ধির বিষয়টি ঘোষণা করবে।
বৈঠক শেষে অতিরিক্ত সচিব সফিকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে ভোজ্যতেল উৎপাদন ও বিতরণকারী কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা, বোতলজাত ৫ লিটার তেলের দাম ৭৬০ টাকা, আর পাম তেল প্রতি লিটার ১১৯ টাকা করার প্রস্তাব করা হয়।
বর্তমানে নির্ধারিত দাম- খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১২৯ টাকা, ৫ লিটারের বোতল ৭২৮ টাকা ও পাম তেল প্রতি লিটার ১১৬ টাকা।




