Print Date & Time : 22 April 2026 Wednesday 11:33 am

বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের আদেশ স্থগিত চেয়ে আপিল

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টল বরাদ্দ স্থগিত চেয়ে চেম্বার কোর্টে আবেদন করেছে বাংলা একাডেমি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বাংলা একাডেমির আইনজীবী মিন্টু কুমার মন্ডল। চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালতে আজই এর শুনানি হবে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। প্রকাশনীটির স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান বাদী হয়ে রিটটি দায়ের করেন।

রিট আবেদনে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়া কেন অবৈধ ঘোষণা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্রকাশনিটিকে স্টল বরাদ্দ দিতে নির্দেশনা চাওয়া হয়।

রিটে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চার জনকে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, শুধুমাত্র একটি বইয়ের জন্য কাগজে-কলমে মেলাতে পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সে বইটি ব্যান্ড বা ব্ল্যাক লিস্টের নয়। বাংলা একাডেমি আইন-২০১৩ অনুযায়ী তাদের এমন সিদ্ধান্তের কোনো বৈধতা নেই। একইসঙ্গে প্রতিবছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয়, তারও ব্যত্যয় ঘটিয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলা একাডেমি। তাদের এমন সিদ্ধান্ত সংবিধানের বাক-স্বাধীনতার বিরোধী।

পরে ওই রিটের শুনানি নিয়ে গত ৭ ফেব্রুয়ারি বিতর্ক ওঠা তিনটি বই বিক্রি ও প্রদর্শনী না করার শর্তে একটি মুচলেকা দিতে নির্দেশ দেন আদালত। পাশাপাশি ওই বই তিনটির কপি আদালতে জমা দিতে বলা হয়।

এরপর গত ৮ ফেব্রুয়ারি তিনটি বই বিক্রি ও প্রদর্শনী না করার শর্তে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।