প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। গতকাল শনিবার দুপুর দেড়টায় উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাসের ছেলে তানভীর হোসেন (২১)। সানি নামে আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।
শাজাহানপুর থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তানভীর, সাগর ও সানি মোটরসাইকেলে দ্বিতীয় বাইপাস ধরে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। আর শেরপুরের একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যান। পরে সানি ও সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাগরের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
