প্রতিনিধি, বগুড়া : বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ করছিল একটি প্রতারক চক্র। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বগুড়ায় অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গত শনিবার দিবাগত রাতে শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রতারণার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
আটক দুজন হলেন শহরের শাকপালা এলাকার তাহের আলী রঞ্জু এবং বায়েজিদ মিয়া।
এ সময় নাবাহিনীতে চাকরিপ্রত্যাশী শিবগঞ্জের মোকামতলা এলাকার সাকিব মিয়াকে উদ্ধার করা হয়। এছাড়া সাতজন চাকরিপ্রত্যাশীর আসল এইচএসসির সনদ, চারটি ব্যাংক চেক এবং ১৪টি স্বাক্ষরকৃত ফাঁকা স্ট্যাম্পও উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, ‘এই চক্রটি মূলত বিভিন্ন বাহিনীতে চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে প্রতারণা করত। কেউ নিজের যোগ্যতায় চাকরি পেলেও তা নিজেদের কৃতিত্ব দাবি করে চুক্তি অনুযায়ী অর্থ হাতিয়ে নিত।’
সম্প্রতি পুলিশ কনস্টেবল ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগে অন্তত পাঁচজন চাকরিপ্রত্যাশীর সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। তবে কেউই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, সেনাবাহিনীর অভিযানে আটক দুজন থানা হাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।
