Print Date & Time : 20 April 2026 Monday 9:07 pm

বগুড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে হোসেন আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া গ্রামের মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত হোসেন আলী বৈঠা পাড়া গ্রামের এরফান আলীর ছেলে।

জানাগেছে, বৈঠাপাড়া গ্রামে ধানের জমিতে নিড়ানির কাজ করছিলেন কয়েকজন কৃষক। বেলা ১২ টার দিকে বৃষ্টি শুরু হওয়ার আগে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান। এসময় গুরুতর আহত হন হোসেন আলীর বাবা এরফান আলী(৬০) ও একই গ্রামের ইয়াসিন আলী (৫৫)। স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।