প্রতিনিধি, সিরাজগঞ্জ : গভীর রাতে অ্যাম্বুলেন্স নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া মাগুড়াডাঙ্গা গ্রামের রাস্তায় ঘুরতে বেরিয়ে খাদে পড়ে সুমন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২৪ মে) রাত ২টার দিকে উপজেলার পুকুরপাড় কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন একই উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের আব্দুল আলীমের ছেলে। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে মাগুড়াডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের ছেলে কাকন তার বাবার অ্যাম্বুলেন্স নিয়ে সুমন ও অপর একজনকে সঙ্গে গ্রামের রাস্তায় ঘুরতে বের হন। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সটি পুকুরপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন। এ সময় আহত হন অপর একজন।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে চালক কাকন পলাতক রয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




