Print Date & Time : 26 April 2026 Sunday 6:09 pm

বাংলালিংক-যুমনা ব্যাংকের কাছে ৬ কোটি টাকা চেয়ে সাকিবের আইনি নোটিস

নিজস্ব প্রতিবেদক: চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ছবি, ব্র্যান্ড ও সই ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করায় বাংলালিংক কমিউনিকেশন্সকে আইনি নোটিস দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সঙ্গে বাংলালিংকের এসব বিজ্ঞাপন যমুনা ব্যাংকের এটিএম বুথেও ব্যবহার করা হচ্ছে।

এতে ইমেজ ক্ষুন্ন হওয়ায় বাংলালিংক ও যমুনা ব্যাংকের কাছে প্রাথমিকভাবে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এছাড়া সাকিব আল হাসানকে ব্যবহার করে প্রচার-প্রচারণা প্রত্যাহার ও প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে বলা হয়েছে নোটিসে।

এ জন্য ৭ দিন সময় দেয়া হয়েছে। অন্যথায় নোটিসে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয়েছে।

গতকাল রোববার সাকিব আল হাসানের পক্ষে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ নোটিস দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল হাদী।

আইনজীবী জানান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের সঙ্গে ২০১৪ সালের ২১ জানুয়ারি সাকিব আল হাসানের একটি চুক্তি হয়। ২০১৬ সালের ২০ জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তারা সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, সই সংবলিত ছবি ব্যবহার করছে বাংলালিংক। যমুনা ব্যাংকের এটিএম বুথে যৌথভাবেও সাকিব আল হাসানের ছবি ব্যবহার করায় এ নোটিস দেয়া হয়।