Print Date & Time : 15 May 2026 Friday 7:41 pm

বাজার মূলধন বেড়েছে ২১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহেও (৬-১০ ডিসেম্বর) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। আলোচ্য সপ্তাহটিতে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। আর সপ্তাহটিতে ২১ হাজার কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।

বাজার বিশ্লেষণে জানা গেছে, চলতি সপ্তাহে দুটি পুঁজিবাজার মিলে ২০ হাজার ৯৭৫ কোটি ১৭ লাখ ৭৩ হাজার টাকা মূলধন বেড়েছে। এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় চার লাখ ১০ হাজার ৬১৭ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার টাকায়। আর সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল তিন লাখ ৯৯ হাজার ২৭৮ কোটি ৬২ লাখ ৬২ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর মূলধন ১১ হাজার ৩৩৯ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা বেড়েছে।

অপরদিকে দেশের অন্য পুঁজিবাজার সিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় তিন লাখ ৩৮ হাজার ৭১৮ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকায়। আর সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল তিন লাখ ২৯ হাজার ৮২ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইর মূলধন বেড়েছে ৯ হাজার ৬৩৬ কোটি সাত লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চার হাজার ১৭৩ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৮৩৩ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহ থেকে ২৭৫ কোটি ৪২ লাখ ২১ হাজার ৯৪০ টাকা বা সাত দশমিক শূন্য সাত শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৮৯৭ কোটি ৯৯ লাখ এক হাজার ৮৯৩ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮৩৪ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ৭৬৭ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৭৭৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৩৭৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৫৫ কোটি আট লাখ ৪৪ হাজার ৩৮৮ টাকা বেশি হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৯ দশমিক ৮২ পয়েন্ট বা দুই দশমিক ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৪ দশমিক ৬৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ৩৩ দশমিক ৯৯ পয়েন্ট বা দুই দশমিক ৯৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৮ দশমিক শূন্য তিন পয়েন্ট বা দুই দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১৬৯ দশমিক ৫৩ পয়েন্টে এবং এক ৭৭৫ দশমিক ১৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৫টির বা ৫৩ দশমিক ৮৭ শতাংশের, কমেছে ১০৭টির বা ২৯ দশমিক ৫৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির বা ১৫ দশমিক ৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ১৮ লাখ ৮০ হাজার ৬৭০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৫ কোটি ০৯ লাখ ৩৬ হাজার ৮০৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪২ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৮৬৬ টাকা বা ৩৩ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।

আলোচ্য সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪০ দশমিক ২১ পয়েন্ট বা দুই দশমিক ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০২ দশমিক ৭৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২০২ দশমিক ৫৪ পয়েন্ট বা দুই দশমিক ৩৫ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩২৩ দশমিক ৬২ পয়েন্ট বা দুই দশমিক ৮৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৯ দশমিক ৮৪ পয়েন্ট বা দুই দশমিক ৯০ শতাংশ এবং সিএসআই ২৩ দশমিক ৭৫ পয়েন্ট বা দুই দশমিক ৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে আট হাজার ৭৮৯ দশমিক ৮৩ পয়েন্টে, ১১ হাজার ৭০০ দশমিক শূন্য তিন পয়েন্টে, এক হাজার ৫৮ দশমিক ৭৬ পয়েন্টে এবং ৯৬১ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

গত সপ্তাহজুড়ে সিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির বা ৫২ দশমিক ৫৬ শতাংশের দর বেড়েছে, ৮৮টির বা ২৮ দশমিক ২০ শতাংশের কমেছে এবং ৬০টির বা ১৯ দশমিক ২৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।