বান্দরবানের অপহরণ চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের লামায় অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। (২১ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আবদুল করিম এ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জ্যাকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা, থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন।

পুলিশ আরো জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ম্রো-ঝিরি এলাকার ০৫ টি রাবার বাগান থেকে অজ্ঞাত অপহরণকারী কর্তৃক ২৬ জন রাবার শ্রমিক অপহৃত হয়। প্রত্যেকটি ঘটনায় অপহরণকারীরা অপহৃত ভিক্টিমদের জিম্মি করে তাদের পরিবারের নিকট থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়।

এরপর থেকে পুলিশ অপহরণকারীদের গ্রেফতার ও অভিযানে নামে । এরই প্রেক্ষিতে গতকাল ২০ ফেব্রুয়ারি লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধারাবাহিক এ অপহরণ এবং মুক্তিপণ আদায়ের ঘটনা সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, অভিযানে ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।আসামীদের হেফাজত থেকে মুক্তিপণের টাকা গ্রহণের নগদ মোবাইল ব্যাংকিংয়ের সিম, ০৭ টি মোবাইল ফোন, ০২ টি মোটরসাইকেল, ০১ টি টর্চ লাইট, ০১ টি চার্জার হেডলাইট, জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।