প্রতিনিধি, বান্দরবান: দেশের শততম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পাহাড়ের স্বপ্নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং ফলক উম্মোচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্ণা, প্রফেসর প্রজেন্দ্র বিকাশ চাকমা, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল্লাহ আল আমীন উপস্থিত ছিলেন।
ফলক উšে§াচনের পর একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল আবছার জানান, শুরুতে ইংরেজি অনার্স, এমবিএ এবং বিবিএ তিনটি বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। পরবর্তীতে জার্নালিজম এবং কম্পিউটার সাইনস আরও দুটি বিষয় চালু করা হবে। বিষয় দুটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে তিনটি সাবজেক্টে ১০০ ছাত্রছাত্রী ভর্তি হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পাহাড়ের মানুষের কাছে বান্দরবান বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের নাম। এটি এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চশিক্ষা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্যোগ গ্রহণের দু’বছরের মাথায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হলো। আমাদের লক্ষ্য এটিকে আবাসিক বিদ্যালয় হিসেবে রূপান্তরিত করা। এ যাত্রায় সবার সহযোগিতা দরকার।




