নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্ল–ম বার্নিকাটের গাড়িবহরে হামলার বিষয়ে বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক নোটে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে যে হামলা হয়েছে, সেটি একটি দুর্ঘটনা এবং এ ধরনের ঘটনা অনাকাক্সিক্ষত। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করে। ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ফলে মার্কিন দূতাবাস সন্তোষ প্রকাশ করেছে।
ওই নোটে উল্লেখ করা হয়, মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে অনাকাক্সিক্ষত এ ঘটনায় বাংলাদেশ নিন্দা জানায়। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত সব কূটনীতিকের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার বিষয়ে বাংলাদেশ সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঢাকা দূতাবাসে দায়িত্ব পালনের মেয়াদ শেষের দিকে হওয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে শনিবার রাতে বিদায়ী নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। সে আমন্ত্রণ রক্ষা করতে মোহাম্মদপুরে বদিউল আলমের বাসায় যাওয়ার পথে দুষ্কৃতকারীরা এ হামলা চালায়। এ সময় বদিউল আলমের বাসাতেও হামলাকারীরা প্রবেশ করে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে গতকাল পৃথক এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের গাড়ি ও সুজন সম্পাদকের বাসায় হামলাকারীরা আওয়ামী সন্ত্রাসী। তবে এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরের দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক ৪ আগস্ট ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বহনকারী গাড়ি লক্ষ করে হামলা চালিয়েছে। অবশ্য রাষ্ট্রদূত ও তার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, এ হামলায় রাষ্ট্রদূত, তার গাড়িচালক ও নিরাপত্তা স্টাফদের কোনো ক্ষতি না হলেও রাষ্ট্রদূতের গাড়ির কিছুটা ক্ষতি সাধিত হয়েছে। এ হামলার ঘটনার সময় রাষ্ট্রদূতকে নিরাপত্তা দিতে পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।




