নিজস্ব প্রতিবেদক: সরকার জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর পর গণপরিবহনের ভাড়াও কিছুটা কমানোর ইঙ্গিত মিলেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী গতকাল মঙ্গলবার বলেছেন, এ নিয়ে আজ বসবেন তারা। তবে ভাড়া কতটা কমতে পারে, সে বিষয়ে কোনো ধারণা এখনই দিতে পারছেন না তিনি।
গত ৬ অগাস্ট সরকারের এক সিদ্ধান্তে ডিজেলের দাম ৮০ টাকা থেকে ৩৪ টাকা (৪২.৫ শতাংশ) বাড়িয়ে লিটার ১১৪ টাকা করার পর বাসের ভাড়াও বাড়ানো হয়। সে দফায় বাসভাড়া প্রতি কিলোমিটারে দূরপাল্লায় ৪০ পয়সা এবং নগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূরপাল্লায় বাসের ভাড়া এখন দুই টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়ার হার এখন কিলোমিটারে দুই টাকা ৫০ পয়সা, যা আগে ছিল দুই টাকা ১৫ পয়সা।
গত সোমবার ডিজেলের দাম আবার লিটারে পাঁচ টাকা কমিয়েছে সরকার। যেহেতু ডিজেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানো হয়েছিল, দাম কমায় এখন ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে বলে জানান সড়ক সচিব নুরী। তিনি বলেন, ‘বুধবার একটা মিটিং হবে, সেখানে আমরা এই ঘোষণা দেব। কত কমবে সেটা এখনই বলছি না, তবে ভাড়া কমবে।’
ডিজেলের দাম কমানোর পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ সোমবার বলেছিলেন, এক্ষেত্রে বিআরটিএ ভাড়া-সংক্রান্ত যে সিদ্ধান্ত নেবে, সেটাই তারা মেনে নেবেন।
