Print Date & Time : 19 April 2026 Sunday 12:49 pm

বিএনপির ৬ এমপিদের শূন্য আসনের তফসিল হতে পারে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করার কারণে শূন্য হওয়া আসনগুলোতে তাড়াতাড়ি উপনির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

সোমবার (১২ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনগুলোয় নির্বাচন করার জন্য ৯০ দিন অপেক্ষা করব না। সংসদ সদস্যদের পদত্যাগের পর আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে। এখন আমরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেব যে, কবে নির্বাচন করার সিডিউল ঘোষণা করা যায়।

আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়মের বিষয়ে তিনি বলেন, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা আছে। তবে আমরা খুব তাড়াতাড়িই তফসিল দেব। মিনিমাম সময় যেটা দিতে হয়, সেটি দেব। আমরা ৯০ দিন অপেক্ষা করব না।

জাতীয় নির্বাচনের আগে সাতজন সংসদ সদস্যের পদত্যাগ করায় বাড়তি চাপ সৃষ্টি করছে কি না- এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা মাঠ ও গ্যালারি প্রস্তুত রাখব, প্লেয়াররা সেখানে খেলতে আসবেন। আমরা শুধু রেফারির কাজ করব। আমাদের চাপের কিছু নেই।