প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় আদালতের এজলাসে বিচারকের সামনেই ছুরিকাঘাত করে ফারুক (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার অহিদ উল্লাহর ছেলে এবং ঘাতক হাসান জেলার লাকসাম উপজেলার ভোজপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে। আদালত সূত্রে জানা যায়, সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে জেলার মনোহরগঞ্জ থানার একটি হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলছিল। এ সময় ওই হত্যা মামলার আসামি হাসান হঠাৎ করে তার সহযোগী আসামি ফারুককে ছুরিকাঘাত করে। এতে ফারুক নিরুপায় হয়ে দৌড়ে বিচারকের খাস কামরায় গিয়ে আশ্রয় নেয়। এ সময় হাসান দৌড়ে ওই কামরায় গিয়ে ফারুককে আবারও উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে ফ্লোরে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আদালতের পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থীরা হাসানকে ধরে ফেলে।
আদালতের পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, ঘাতক হাসানকে আটক করে তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ফারুককে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক ও ঘাতক হাসান একই মামলার আসামি বলে সুব্রত ব্যানার্জি জানান।
এদিকে ঘটনার খবর পেয়ে আদালতে ছুটে যান কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, এতটা নিরাপত্তার মাঝেও আসামি ছুরি নিয়ে কীভাবে আদালতের ভেতরে প্রবেশ করল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং দায়িত্বরত পুলিশের অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

Print Date & Time : 15 May 2026 Friday 5:35 pm
বিচারকের সামনেই যুবককে হত্যা করল আসামি
শেষ পাতা ♦ প্রকাশ: