কাজী সালমা সুলতানা: ১২ ডিসেম্বর, ১৯৭১। এদিন নীলফামারী, গাইবান্ধা, নরসিংদী, সরিষাবাড়ী, ভেড়ামারা ও শ্রীপুর পাকিস্তান হানাদারমুক্ত হয়। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পূর্ব পাকিস্তানের প্রতিটি প্রান্তে পর্যুদস্ত হতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। মুক্তিবাহিনীর প্রবল আক্রমণ আর পাল্টা আক্রমণ এবং মিত্রবাহিনীর সহায়তায় ঢাকার কাছাকাছি মুক্তিযোদ্ধারা অবস্থান করায় পাকিস্তানিরা বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকে। কিন্তু সাহায্য না পেয়ে তারা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড বাংলাদেশের ‘বুদ্ধিজীবী হত্যার’ নীলনকশা চূড়ান্ত করে। সেদিন রাতে প্রাদেশিক সরকারের বেসামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী আলবদর ও আলশামসের কেন্দ্রীয় অধিনায়কদের ডেকে পাঠান সদর দপ্তরে। তার সভাপতিত্বে গোপন শলাপরামর্শ অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বুদ্ধিজীবী হত্যার নীলনকশা প্রণয়ন করা হয়।
আলবদর ও আলশামসের কেন্দ্রীয় অধিনায়কদের হাতে ফরমান আলী তুলে দেন বুদ্ধিজীবীসহ নেতৃস্থানীয় ব্যক্তিদের নামের তালিকা। পাকিস্তান একদিকে যেমন সামরিক সাহায্যের প্রতীক্ষায় ছিল, তেমনি তাদের মিত্র যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হেনরি কিসিঞ্জার হুশিয়ার করে বলেন, পরদিন মধ্যাহ্নের আগে ভারতকে অবশ্যই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র নিজেই প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। এদিন ১৯৭১ সালের ১২ ডিসেম্বর বঙ্গোপসাগর থেকে মাত্র ২৪ ঘণ্টা দূরত্বে গভীর সমুদ্রে চলে আসে মার্কিন সপ্তম নৌবহর। ঢাকা সেনানিবাসে নিরাপদ আশ্রয়ে বসে জেনারেল নিয়াজী বলেন, একটি প্রাণ জীবিত থাকা পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গার জন্য আমরা যুদ্ধ চালিয়ে যাব। জামালপুর থেকে পালিয়ে আসা কিছু শত্রুসেনা এবং ময়মনসিংহ থেকে বিতারিত শত্রুরা টাঙ্গাইলে সহযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। মিত্রবাহিনী টাঙ্গাইলের মির্জাপুর, কালিয়াকৈর ও পার্শ্ববর্তী অঞ্চলে ছত্রীসেনা নামিয়ে দেয়। রাতে টাঙ্গাইলের ওপর আক্রমণ চালায় মিত্রবাহিনী। তাদের সাহায্যে এগিয়ে আসে কাদেরিয়া বাহিনী। তুমুল যুদ্ধ শুরু হয়। নবনিযুক্ত প্রধানমন্ত্রী নূরুল আমিন অত্যন্ত কঠোর ভাষায় ভারতকে পাকিস্তান ছেড়ে যেতে বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপ প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব পাকিস্তানের জনগণ মাতৃভূমি রক্ষায় শেষ পর্যন্ত লড়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি ঘোষণা করেন, কোনো শক্তি নেই পাকিস্তানকে ধ্বংস করতে পারে। রেডিও পিকিং ঘোষণা করে, সোভিয়েত ইউনিয়ন ভারতের মাধ্যমে পাকিস্তান আক্রমণ করে মূলত চীনকেই দমন করতে চায়। বিশ্বে আধিপত্য বিস্তার ভারতের মাধ্যমে তথাকথিত ‘বাংলাদেশ’ সমর্থনের অন্যতম কারণ। এদিন আলবদর বাহিনী এপিআইয়ের জেনারেল ম্যানেজার সাংবাদিক নিজামউদ্দিনকে ধরে নিয়ে যায়। তখন তিনি বিবিসির জন্য সংবাদ লিখছিলেন। ওই অবস্থায় তাকে ধরে নিয়ে হত্যা করে আলবদররা।
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু তারা যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য মুখিয়ে থাকে। আর অন্যদিকে তাদের মিত্র সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠে। ১২ ডিসেম্বর যুদ্ধবিরতি ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা দীর্ঘ বক্তব্য দেওয়ার পর ওই অধিবেশন মুলতবি হয়ে যায়।
এদিন দিনাজপুরের বিরল থানার বহলা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী এক নৃশংস গণহত্যা চালায়। ১২ ডিসেম্বর বহলা গ্রাামে গ্রামবাসীদের একত্র করে। ওই মুহূর্তে মাগরিবের নামাজের সময় হয়। অনেকে মাগরিবের নামাজ পড়ার জন্য নামাজের কাতারে দাঁড়ান। সবাই যখন নামাজের কাতারে তখন পেছন দিক থেকে ব্রাশফায়ার করে পাকিস্তানি হানাদার বাহিনী। তৎক্ষণাৎ ঘটনাস্থলে শহীদ হন ৩৭ জন।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর ও মূলধারা ’৭১
