নোয়াখালী সুবর্ণচরে কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন উপজেলার এসএসসি ও সমমানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান, কিন্তু লোডশেডিংয়ের জন্য সময়মতো পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না বেশিরভাগ শিক্ষার্থী। ঘনঘন বিদ্যুৎবিভ্রাটের কারণে অতিষ্ঠ শিক্ষার্থীরা। এই সমস্যার সমাধানে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সুবর্ণচর জোনাল অফিসে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা।
স্মারকলিপিতে ছাত্রদল নেতারা উল্লেখ করেন, চলমান এসএসসি পরীক্ষার সময় সুবর্ণচরে অযৌক্তিকভাবে প্রতিনিয়ত বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। বিদ্যুৎ সরবরাহের এই অব্যবস্থাপনা পরীক্ষার্থীদের ওপর চরম মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করছে। প্রচণ্ড গরমে এবং অস্বস্তিকর পরিবেশে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে তাদের মনঃসংযোগ ও কর্মক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা মেধা ও ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ছাত্রনেতারা আরও বলেন, উপজেলার কয়েকজন এসএসসি পরীক্ষার্থী ফেসবুক লাইভের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে তাদের কষ্ট, ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন। তা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের দৃষ্টিতে এলে তিনি এই সমস্যা নিরসনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিতে নির্দেশ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, চর জুবিলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নূরউদ্দিন জাহেদ প্রমুখ।
তারা অবিলম্বে বিদ্যুৎবিভ্রাট নিরসনে যথোপযুক্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান, যাতে কোমলমতি পরীক্ষার্থীরা সুস্থ-স্বাভাবিক পরিবেশে পড়াশোনা ও পরীক্ষা দিতে সক্ষম হয় এবং এলাকাবাসীও স্বস্তি লাভ করে।
