Print Date & Time : 20 April 2026 Monday 6:09 pm

বিভিন্ন দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতি

প্রতিনিধি, লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের মতো প্রণোদনার পাঁচ শতাংশ টাকা ও অভ্যন্তরীণভাবে মৌসুমি জনবলকে স্থায়ী পদে সমন্বয়সহ সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিক ও কর্মচারীরা।
গতকাল বুধবার দুপুর ১২টায় সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। পরে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।
তিনি শ্রমিকদের দাবিগুলো সদর দপ্তরে পাঠানোর আশ্বাস দিলে শ্রমিক ও কর্মচারীরা ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।
এসময় বক্তব্য দেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন প্রমুখ।
বক্তারা শূন্যপদের বিপরীতে দৈনিক হাজিরায় চুক্তিভিত্তিক কর্মরত দক্ষদের সরাসরি নিয়োগ, সরকারের দেয়া প্রণোদনার পাঁচ ভাগ টাকা পে-কমিশনের কর্মচারী-কর্মকর্তাদের মতো প্রতি মাসে ওয়েজ কমিশন শ্রমিক এবং সব চুক্তিভিত্তিক জনবলকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।