Print Date & Time : 14 May 2026 Thursday 11:55 pm

বিশেষ বিনিয়োগের পরিমাণ ও সময়সীমা বৃদ্ধি করুন: ডিবিএ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে বিশেষ বিনিয়োগের পরিমাণ ১০০ কোটি টাকা এবং সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর অনুরোধ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউস সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর গতকাল মঙ্গলবার সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকেও প্রেরণ করা হয়েছে।
পুঁজিবাজারকে স্থিতিশীল করতে এবং বাজারের তারল্য প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক ২০২০ সালের ফেব্রুয়ারিতে জারি করা এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারে তাদের নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগের জন্য একটি বিশেষ তহবিল প্রদানের নির্দেশনা দেয়।

এই বিশেষ তহবিলের আকার প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকায় সীমাবদ্ধ ছিল এবং এর মেয়াদ আছে চলতি বছর ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ডিবিএ’র পাঠানো চিঠিতে এই বিশেষ তহবিলের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করে এর আকার প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য ২০০ কোটি থেকে ৩০০ কোটি টাকা করার সুপারিশ করা হয়েছে।
ডিবিএ’র পক্ষে থেকে বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজার একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২১ সালের শেষ থেকে বাজারে দীর্ঘ মন্দা বিরাজ করছে। এতে করে ইক্যুইটি বাজার মূলধন প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। এই মন্দা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বাজার মধ্যস্থতাকারী, স্টক-ব্রোকার এবং অন্যান্য অংশীদারসহ ২০ লাখেরও বেশি বিনিয়োগকারীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।


বিশেষ এই তহবিলের আওতায় অনেক স্বনামধন্য তফসিলি ব্যাংক পুঁজিবাজারে তাদের নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগ করেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের পোর্টফোলিও বিনিয়োগ ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়ে আছে। এই মুহূর্তে এই ধরনের তহবিল বন্ধ করলে পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্ষতির মুখে পড়বে এবং বিনিয়োগকারীসহ পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব দেখা দেবে বলা চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছে ডিবিএ।

বাজার প্রেক্ষাপট বিবেচনা করে, পুঁজিবাজারের সার্বিক স্বার্থে কেন্দ্রীয় ব্যাংককে ডিবিএ’র দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।