Print Date & Time : 26 April 2026 Sunday 3:47 am

বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধ তৈরির আহ্বান

সংবাদদাতা, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক জোটের (আইসিএসডিএপি) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ও আইসিএসডিএপির যৌথ আয়োজনে গতকাল শনিবার বীরশেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
সংস্থাটির সপ্তম দ্বি-বার্ষিক এ সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সমাজিক অসন্তোষের কারণে অর্থনৈতিক উন্নয়নের গতি শ্লথ হচ্ছে। ফলে সমাজিক উন্নয়ন ও শান্তি বাধাগ্রস্ত হচ্ছে। অনেক দেশেই জাতিগত নিধন এবং গণহত্যার শিকার হয়ে শান্তি ও নিরাপত্তার খোঁজে দিগি¦দিকের জ্ঞানশূন্য হয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে। উন্নয়নশীল দেশ ছেড়ে কেউ কেউ উন্নত দেশে আশ্রয় নিচ্ছে। ঐচ্ছিক ও বলপ্রয়োগের এমন অভিবাসন প্রক্রিয়া বিশ্বের জাতীয়তাবাদমুখী রাজনৈতিক দল ও সরকারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলার মধ্যে আদর্শ ও মূল্যবোধগত চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের বিশ্বব্যাপী ধর্মীয় ও মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে।
আলোচনায় নিজ দেশের ভেতরে দ্রব্যমূল্য বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন ও সহিংসতা, লিঙ্গ বৈষম্য, অঞ্চল এবং ধর্মীয় সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা গুরুত্বারোপ করেন। তারা বলেন, সামাজিক স্থিতিশীলতা অর্জন করে; টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছায় ফলপ্রসূ আলোচনার বিকল্প নেই।
জানা যায়, সম্মেলনে এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া মহাদেশের আট দেশের ৪৭ বিশেষজ্ঞসহ ২৬৭ সমাজতাত্ত্বিক, শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন বিশারদ এবং গবেষক অংশ নিয়েছেন। সম্মেলনের সহযোগী আয়োজক সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব সোস্যাল সায়েন্স এবং থাইল্যান্ডের থাম্মাসাট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাজিক উন্নয়ন বিষয়ে এ ধরনের বৃহৎ আয়োজন এটিই প্রথম বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।