শেয়ার বিজ ডেস্ক: ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত আমাজন বনাঞ্চলে বেসরকারি খাতের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনায় উৎসাহ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ওয়াশিংটনে এক বৈঠকে এ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। এছাড়া বেসরকারি খাতের নেতৃত্বে আমাজনের জীববৈচিত্র্য রক্ষায় ১০ কোটি ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। খবর রয়টার্স।
এদিন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্টো আরুজো দাবি করেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য বনাঞ্চল উš§ুক্ত করে দেওয়াই সেটিকে রক্ষার একমাত্র উপায়। ব্রাজিল আমাজনের আগুন নিয়ন্ত্রণ করতে না পারার বিষয়ে অভিযোগকারীদেরও কঠোর সমালোচনা করেন তিনি।
আরুজো সাংবাদিকদের বলেন, আমরা আমাজন অঞ্চলের উন্নয়ন চেষ্টায় একসঙ্গে থাকতে চাই। আমরা নিশ্চিত যে, এটিই বন রক্ষার একমাত্র উপায়। তাই আমাদের দরকার নতুন নতুন উদ্যোগ, যা চাকরির ক্ষেত্র তৈরি করবে ও আমাজনের মানুষদের আয় হবে। আর সেখানেই আমেরিকার সঙ্গে আমাদের অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে জানিয়েছেন, আমাজন অঞ্চলে ব্যবসা-বাণিজ্য পৌঁছাতে সহায়তা করবে তাদের জীববৈচিত্র্য বিনিয়োগ তহবিল। তিনি বলেন, আমাদের প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) গত মার্চে যে অঙ্গীকার করেছেন, ব্রাজিলিয়ান ও আমেরিকানদের দল সেটি অনুসরণ করবে। আমরা আমাজনের জন্য ১১ বছরে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল নিয়ে নামছি, যে প্রকল্পে নেতৃত্ব দেবে বেসরকারি খাত।
গত মাসে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স জানিয়েছে, ২০১৯ সালের এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার দফা অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এ বনভূমি। আগের যে কোনো সময়ের চেয়ে এবারের আগুন সবচেয়ে ভয়াবহ। এ আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় ব্রাজিলের উগ্র ডানপন্থি ও বাণিজ্যপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারো’র নীতিকে দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়। বন পুড়িয়ে বাণিজ্য সম্প্রসারণের নীতির জন্য নিজ দেশের পরিবেশবাদীদেরও তোপের মুখে পড়েন তিনি। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল সরকারের নিষ্ক্রিয়তায় দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাজিলিয়ান অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। গত শুক্রবার ব্রাজিল থেকে গরুর মাংস ও সয়াবিন আমদানি নিষিদ্ধ করতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান জানিয়েছে ফিনল্যান্ড। আমাজনে আগুন নিয়ন্ত্রণে ব্রাজিলের ওপর চাপ সৃষ্টিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Print Date & Time : 26 April 2026 Sunday 7:46 am