নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন কর হবে-এমনটা জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘আমরা সব ক্ষেত্রেই করহার সমান করার লক্ষ্যে কাজ করছি। আগামীতে এটা আমরা করব। আগামীতে করহারে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন কর ব্যবস্থার দিকেই আমরা এগোচ্ছি।’
অটোমেশনের বাধা দূর করার আশ্বাস দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, শিগগিরই অটোমেশনে যাচ্ছে এনবিআর।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল রোববার ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কর আদায় কম, এটাকে বাড়াতে হবে। আমরা চাই কিছু কিছু বাড়িয়ে কাক্সিক্ষত রাজস্ব আদায় করতে। দেশের ১ কোটি ১৪ লাখ টিনধারী, এদের দুই তৃতীয়াংশ রিটার্ন দেয় না। আগামী বছর করযোগ্য সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক।’
তিনি আরও বলেন, অনেকে অভিযোগ দিচ্ছেন অটোমেশনের মূল বাধা এনবিআর থেকে, এটার সঙ্গে আমি একমত। কিন্তু আগামীতে এ রাস্তা দূর করতে সর্বোত্তম কাজ করছি, সামনে এ বাধার কোনো সুযোগ থাকবে না।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামীতে আমাদের মূল রাজস্ব আসবে আয়কর ও ভ্যাট থেকে, শুল্ক থেকে না। শিল্প খাতের উন্নয়নে অনেকেই কর অবকাশ চান তাদের জন্য বলছি, কর অবকাশ নিয়ে চিন্তা করার কারণ নেই। আমরা কর অবকাশ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছি।
এনবিআরের কার্যক্রম পুরোপুরিভাবে অটোমেশন করতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘অটোমেশন ছাড়া আমাদের বিকল্প নেই। আমরা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছি। কর প্রদান মোবাইল অ্যাপে আনার জন্য কাজ চলছে। আগামী অর্থবছর থেকে যাতে ব্যক্তি আয়কর দাতারা সবাই অনলাইনে রিটার্ন জমা দেন, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে কোম্পানি করদাতাদেরও আমরা একই প্রক্রিয়ায় আনার চেষ্টার করছি।’
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।

Print Date & Time : 22 April 2026 Wednesday 5:25 am
বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর
শীর্ষ খবর ♦ প্রকাশ: