Print Date & Time : 20 April 2026 Monday 12:40 pm

ব্রেন ইনফেকশনে জবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, জবি : ব্রেন ইনফেকশন জনিত কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আঞ্জুমান আরা সুখী। বুধবার রাত ৩.১১ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন তার সহপাঠী হাসান সজীব।

তিনি জানান, আঞ্জুমান আরা সুখী বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলো। পরবর্তীতে পেটে ব্যথা ও সর্দি নিয়ে ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়। তবে চিকিৎসারত ডাক্তার নির্দিষ্ট করে রোগ চিহ্নিত করতে পারেনি বলে জানান তিনি।

সুখী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা গ্রামে। পরিবারের প্রথম সন্তান তিনি। তার পিতার নাম আব্দুল আউয়াল খান।

এবিষয়ে বিভাগীয় চেয়ারম্যান পারভীন আক্তার জেমী বলেন, সুখী খুব ভালো একজন মানুষ ছিলো। সবার প্রিয়। হঠাৎ করেই আমাদের ছেড়ে গেলো। আমরা শোকসন্তোপ পরিবারের সাথে যোগাযোগ করেছি।

শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড.আইনুল ইসলাম বলেন, সকালে জানতে পারলাম এক শিক্ষার্থী মারা গেছে। আমরা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি।

এদিকে শোকের মাতম বয়ে চলেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। শোক প্রকাশ করছেন সুখীর সহপাঠী ও স্বজনরা। ফেসবুকে কেউ সুখীর হয়ে সকলের কাছে ক্ষমা চাচ্ছেন আবার কেউ স্মৃতি চারণ করছেন।