নিজস্ব প্রতিবেদক: দেশের পর্যটন স্পটগুলোতে মানুষ মাস্ক না পরায় করোনা (নতুন ধরন ওমিক্রন) সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘কক্সবাজারসহ বিভিন্ন পর্যটন স্থানে মানুষ মাস্ক না পরেই ভিড় করছেন, রাজনৈতিক সমাবেশেও মাস্ক পড়ছে না মানুষ। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।’
করোনা টিকার বুস্টার ডোজ সবাইকে দিতে সুরক্ষা অ্যাপ আপডেট করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজ এখন সীমিত আকারে ফ্রন্টলাইনারদের দেয়া হচ্ছে । টিকাগ্রহণের কার্ড নিয়ে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা টিকা দিতে পারবেন। এ মাসের শেষের দিকে অ্যাপসের মাধ্যমে বুস্টার ডোজের রেজিস্ট্রেশন শুরু হবে আগেরগুলোর মত। এখন তা নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়।’
দেশে এখনও ওমিক্রন ছড়ায়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওমিক্রন ঠেকাতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সারাদেশের মানুষ যাতে আগের মত স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’
মন্ত্রী জানান, দেশে এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ ৭ কোটি ও দ্বিতীয় ডোজ সাড়ে ৪ কোটি মানুষকে দেয়া হয়েছে। অর্থাৎ করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৬০ শতাংশ মানুষকে। ৩৫ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে টিকা একটা বড় কার্যকরী ভূমিকা রেখেছে।’
