Print Date & Time : 26 April 2026 Sunday 11:02 pm

মিষ্টিপানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  মাছের অভয়ারণ্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মিষ্টিপানির মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। আজ রোববার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে নিরাপদ পুষ্টি পাওয়া যায় মাছ থেকে। মাছের যে আবাসস্থল অর্থাৎ অভয়ারণ্য তৈরি করা- এগুলোর দিকে দৃষ্টি দিতে হবে। পানির প্রবাহটা ভালো থাকা, পানি যাতে দূষণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আমাদের যে চাহিদা, তারচেয়ে অনেক বেশি মাছ এখন উৎপাদন করতে পারি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়ে তুলেছিলেন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, জাতিসংঘ তখনও সমুদ্রসীমা আইন করেনি, কিন্তু জাতির পিতা করেছিলেন। আমরা যখন প্রথমবার ক্ষমতায় আসি, তখন খোঁজ-খবর নিয়ে সমুদ্রসীমায় আমাদের অধিকার দাবি করি।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সাত প্রতিষ্ঠানকে স্বর্ণপদক দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক পদক তুলে দেন।