Print Date & Time : 23 April 2026 Thursday 5:09 am

মুন্সিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ‘আলদির মাঠা’কে জরিমানা

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের জনপ্রিয় ‘আলদির মাঠা’র ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা তৈরি ও ঘোষণা অনুযায়ী কাঁচামাল ব্যবহার করা করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে সদর উপজেলার মাকহাটি এলাকায় এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, আলদির মাঠার (কমল ঘোষের মাঠা) কারখানায় অভিযান কালে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রক্রিয়াজাত ও প্রস্তুত করা হচ্ছে। মাঠার কারখানার পাশেই সব আবর্জনা ফেলা হচ্ছে, বিপুল পরিমাণে মাছি ও অন্যান্য পোকা মাঠার পাত্রে বসছে। কোন পেস্ট কন্ট্রোল মেকানিজম সেখানে নেই। তারা পচিশ বছর ধরে মাঠা বিক্রি করলেও কোন প্রকার লাইসেন্স গ্রহণ করেনি।

তিনি আরও জানান, প্রস্তুতকারক মাঠার উপাদান হিসেবে গাভীর দুধ, পানি, চিনি ও লবণের কথা প্রথমে বলা হলেও, অনুসন্ধান বস্তার গুড়াদুধ ও স্যাকারিন পাওয়া যায় কারখানাতে। এগুলো মিশানোর কথা তারা পরবর্তীতে স্বীকার করেন। মাঠা ঠান্ডা করতে বরফকল হতে আনা বস্তার বরফ ব্যবহার করতে দেখা যায়। মাঠার বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি, উপাদান ও পরিমাণ কিছুই উল্লেখ করা হচ্ছে না।

একারণে এসময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতের জন্য সাবধান করা হয়।

অভিযানে মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা সহযোগিতা করেন।