মুরাদসহ দুজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে মামলার আবেদন

প্রতিনিধি, ঠাকুরগাঁও: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ ২ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও অ‌তি‌রিক্ত  চীফ জ‌ু‌ডি‌সিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আমলী আদালতে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে জিয়া পরিবার ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে ঠাকুরগাঁও সদর আমলি আদালতে এই মামলার আবেদন করেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমি‌তির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. এনতাজুল হক।

আবেদন করা এ মামলার আরেক আসামি হলেন- অনলাইন প্ল্যাটফর্মে মুরাদ হাসানের সাক্ষাৎকার নেওয়া ইউটিউবার মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ ডিসেম্বর তথ্য প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ডা. মুরাদ হাসান ইউটিউবার নাহিদ হেলালকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দৌহিত্রী জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। তার বক্তব্য ও উপস্থাপকের আচরণ অশালীন, নারীবিদ্বেষী ও নারীর প্রতি অবমাননামূলক। তাদের সেই সাক্ষাৎকার ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এটি জাইমা রহমানসহ জিয়া পরিবার ও নারী সমাজের জন্য অপমানজনক। নারীর প্রতি বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর কাজ করার অপরাধে এ মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হা‌লিম বলেন, ‘মামলার আবেদনের ওপর শুনানি হয়েছে। দন্ডবিধির ১৫৩-(ক), ৫০৫-(ক) ও ৫০৯ পেনাল কোড,১৮৬০ ধারায় এই মামলার আবেদন করা হয়েছে। আদালতের বিচারক এস.র‌মেশ কুমার ডাগা পরে আদেশ দেবেন।

মামলার বাদী অ্যাড. এনতাজুল হক বলেন, ‘আদালতে মামলার আবেদনের শুনানি হয়েছে। বিচারক আদেশ পরে দেবেন। এই মামলায় তিন জনকে সাক্ষী করা হয়েছে। মামলার প্রমাণ হি‌সে‌বে ওই সাক্ষাৎকারের ভি‌ডিও ফু‌টে‌জের সি‌ডি আদাল‌তে দা‌খিল করা হ‌য়ে‌ছে।