Print Date & Time : 23 April 2026 Thursday 4:17 pm

যশোরের ভৈরব নদে সারবোঝাই কার্গোডুবি

প্রতিনিধি, যশোর: যশোরের নওয়াপাড়ার ভৈরব নদীতে ইউরিয়া সারবোঝাই একটি কার্গো ডুবির ঘটনা ঘটেছে। ওই কার্গো কাতার থেকে আমদানি করা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১৩ হাজার ৬৮০ বস্তা (৬৮০ মেট্রিক টন) ইউরিয়া সার ছিল। বুধবার রাত ১২টার দিকে কার্গোটি নওয়াপাড়া পীর বাড়ি ঘাটে ডুবে যায়।

জানা যায়, টোটাল শিপিং কোম্পানির মাধ্যমে এমভি শারিব-বাঁধন এন্টারপ্রাইজ-২ নামক কার্গো জাহাজটি চট্টগ্রাম থেকে ইউরিয়ার সারবোঝাই করে মঙ্গলবার রাতে নওয়াপাড়া নদী বন্দরে এসে নওয়াপাড়া পীরবাড়ি ঘাটে নোঙর করে। পরের দিন ভাটির সময় কার্গো জাহাজটি তলা ফেটে এটি ডুবে যায় বলে জানায় জাহাজ কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় জাহাজে কর্মরত কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারা ৪৬ বস্তা সার উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ডুবে যাওয়া শারিব-বাঁধন কার্গো জাহাজের মাস্টার শরিফ হোসেন জানান, ভৈরব নদীর নাব্য হ্রাসের কারণে পরের দিন রাতে ভাটির সময় কার্গো জাহাজটির তলা ফেটে প্রথমে ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়ে। পরে নোঙর করা রশি (আলাত) ছিঁড়ে জাহাজটি নদীর মাঝ বরাবর গিয়ে ডুবে যায়। কার্গো জাহাজটি ত্রুটিপূর্ণ ছিল কি না এমন প্রশ্নে মাস্টার শরিফ বলেন, জাহাজটি ত্রুটিপূর্ণ ছিল না। ডকইয়ার্ডের সব কাগজপত্র তাদের কাছে রয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া নদী বন্দরের পরিচালক মাসুদ পারভেজ জানান, কার্গো জাহাজটি ত্রুটিপূর্ণ থাকার কারণে তলা ফেটে কার্গোটি ডুবে যেতে পারে। দীর্ঘদিন প্লেট পরিবর্তন না করলে এবং সংস্কার না করলে এমন ঘটনা ঘটতে পারে। নওয়াপাড়া নদী বন্দরে শত শত জাহাজ নোঙর করে লোড-আনলোড চলছে। নাব্য হ্রাসের কারণে কার্গোডুবির ঘটনা ঘটলে অন্যান্য জাহাজের ক্ষেত্রেও একই অবস্থা হতো। তিনি প্রশ্ন রেখে বলেন, ভাটির সময় চরে কাদায় যদি কার্গোর তলা ফেটে যায় তাহলে তার প্লেটের মেয়াদ ও ত্রুটি নিয়ে প্রশ্ন দেখা দিতেই পারে।

এ ব্যাপারে নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ খুলনার যুগ্ম পরিচালক আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে তিনি সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দাবি করেন, নাব্য হ্রাসের কারণে নয়; কার্গো জাহাজ ত্রুটি পূর্ণ হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে। যদিও তাদের  কাগজপত্রে মেয়াদ ঠিক রয়েছে বলে জানান এ কর্মকর্তা। ডুবে যাওয়া কার্গো জাহাজটির উদ্ধার সম্পর্কে তিনি বলেন, মালিকপক্ষ আমার কাছে কোনো সহযোগিতা চায়নি। তবে দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় আমরা চিহ্নিত করে দিয়েছি। মালিক পক্ষ (টোটাল এন্টারপ্রাইজ) নোমান খান ও বাবুল চৌধুরী দেখভাল করবে বলে তাকে জানিয়েছেন।