শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এক বাড়িতে গুলিতে ছয় মাসের একটি শিশু, ১৭ বছর বয়সী এক কিশোরী মাসহ ছয়জন নিহত হয়েছেন। খবর: সিএনএন।
গত সোমবার স্থানীয় সময় ভোরে অঙ্গরাজ্যটির গোশেন শহরে এ ঘটনা ঘটে।কর্তৃপক্ষ একে পরিকল্পিত হামলা ও ভয়াবহ হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে।
ট্ল্যুারি কাউন্টির শেরিফ মাইক বুড্র সাংবাদিকদের জানান, হার্ভেস্ট রোডের ৬৮০০ ব্লকে ছয়জনকে গুলি করে মারা হয়েছে।
এ ঘটনায় অন্তত দুই সন্দেহভাজন জড়িত ছিল এবং তারা ধরা পড়েনি বলে জানিয়েছেন তিনি।
গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান। এর সাত মিনিট পর শেরিফ ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে মরদেহ পড়ে থাকতে দেখেন।
বুড্র বলেছেন, আমরা আরও বিশ্বাস করি, এটি হঠাৎ করে ঘটা কোনো সহিংসতা নয়। আমাদের বিশ্বাস, পরিবারটিই হামলার লক্ষ্য ছিল। আমাদের ধারণা এ ঘটনায় একটি অপরাধী চক্র জড়িত আছে, সেই সঙ্গে সম্ভাব্য মাদক তদন্ত।
শেরিফ দপ্তর গত সপ্তাহে এ বাড়িতে মাদকের খোঁজে তল্লাশি চালিয়েছিল বলে জানান এই কর্মকর্তা।
সোমবার ভোরে বেশ কয়েকটি গুলির শব্দ শোনার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতদের দেখতে পায়। তখনও একজন জীবিত ছিল, হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বুড্র।
গোলাগুলির সময় বাড়ির ভেতর লুকিয়ে থাকার কারণে দুই ব্যক্তি বেঁচে গেছেন। তবে আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেছেন, আমার কাছে আরও কিছু তথ্য আছে, কিন্তু এই পয়েন্টে আলোচনা করার স্বাধীনতা আমার নেই। আমাদের কাছে সম্ভাব্য যে তথ্য আছে আশা করি তা সম্ভাব্য সন্দেহভাজনদের কাছে নিয়ে যাবে।
প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে মানুষের চেয়ে অস্ত্রের সংখ্যা বেশি। প্রাপ্তবয়স্ক তিনজন আমেরিকানের অন্তত একজনের অস্ত্র রয়েছে। প্রাপ্তবয়স্ক তিনজনের একজন এমন বাড়িতে থাকেন যেখানে অস্ত্র রয়েছে।
