রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থানে বেপজার রেকর্ড প্রবৃদ্ধি

শেয়ার বিজ ডেস্ক: দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়নমূলক প্রতিষ্ঠান বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) তার ৪০ বছরের যাত্রায় সর্বকালের উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে সংস্থাটি রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আগের বছরের তুলনায় রপ্তানি ৩০ দশমিক ৪১ শতাংশ এবং বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশের বেশি। ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠানগুলোয় ৬৪ হাজার ১৬০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে, যা একক বছর হিসেবে বেপজার ইতিহাসে সর্বোচ্চ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেপজাধীন পরিচালিত দেশের আটটি ইপিজেডের চালু শিল্পপ্রতিষ্ঠানগুলোর মোট রপ্তানি ৮৬৫ কোটি ৫৯ লাখ ডলারে পৌঁছেছে, যা প্রথমবারের মতো আট বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। কোনো একক অর্থবছরে এর আগের সর্বোচ্চ রপ্তানি ছিল ২০১৮-১৯ অর্থবছরে ৭৫২ কোটি ৪১ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে রপ্তানি হয়েছিল ৬৬৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে পূর্ববর্তী বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৩০ দশমিক ৪১ শতাংশ।

ইপিজেডের মোট রপ্তানির মধ্যে পোশাক খাত থেকে আয় ৫৪ দশমিক ৬৮ শতাংশ, যেখানে দেশের মোট রপ্তানির ৮৫ শতাংশ আসে পোশাক খাত থেকে। ইপিজেডের অন্যান্য খাত যেমন গার্মেন্ট এক্সেসরিজ, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য, টেক্সটাইল, তাঁবু, ক্যাপ, প্লাস্টিক পণ্য ও ইলেকট্রনিক্স রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ দখল করেছে, যা ইপিজেডগুলিকে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত করেছে।