Print Date & Time : 18 April 2026 Saturday 5:43 am

রাইট শেয়ার ছেড়ে ৩০৩ কোটি টাকা তুলবে বার্জার

নিজস্ব প্রতিবেদক : রাইট শেয়ার ইস্যুর অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। বিএসইসির কমিশন সভায় গতকাল রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ অর্থ ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে বহুজাতিক কোম্পানিটি।

সূত্র অনুসারে, বার্জার পেইন্টস রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজারে আরও ২৭ লাখ ২৮ হাজার ১১১টি সাধারণ শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার এক হাজার ১০০ টাকা প্রিমিয়ামসহ এক হাজার ১১০ টাকা দরে ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩০২ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ ইকোনমিক জোনে অবস্থিত প্লটে বার্জার পেইন্টসের তৃতীয় কাখানা স্থাপনে ব্যয় করা হবে।

তথ্যমতে, বার্জার পেইন্টসের বর্তমান বিনিয়োগকারীরা ১: ১ অনুপাতে রাইট শেয়ার পাবেন। এই সুযোগ কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও পাঁচ শতাংশ বা তার বেশি শেয়ারধারীদের জন্য প্রযোজ্য হবে না। বার্জারের রাইট ইস্যুর ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।