Print Date & Time : 23 April 2026 Thursday 12:40 am

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় প্রাণ  গেল ঢাকা কলেজের এক শিক্ষার্থীর। সেই সাথে আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর নাম মিরাজুল ইসলাম শাওন (২৩) বলে জানা গেছে।

শনিবার রাতে শাওন তার এক বন্ধুর সাথে মোটরসাইকেলে সবুজবাগে তার বাসায় ফিরছিলেন। সে সময় খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুরের ঢালে ওঠার পর দ্রুতগামী একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় দুর্ঘটনাস্থল থেকে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শাওনকে মৃত ঘোষণা করা হয়।

শাওন শরীয়তপুরের পালং থানার সিরাজুল ইসলামের সন্তান। তিনি ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন শাওন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শাওন নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।