প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আল আমিন সরদার নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। গতকাল বুধবার দুপুরে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুরে রাজবাড়ী জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে। আহতরা হলেন একই ইউনিয়নের বিল নয়াবাদ গ্রামের নাসির শেখের ছেলে শিমুল প্রামাণিক ও ইয়াছিন শেখ। তিনজনই রাজবাড়ী জুটমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে ওই তিন শ্রমিক একটি মোটরসাইকেলে করে আলাদিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হলে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




