প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বাড়তি চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর পথের সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে। এ ছাড়া ১১টি ট্রেনে অতিরিক্ত কোচ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার বিকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
২৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৭ জুলাই। এ সময়ে রাজশাহী শহরে আসবেন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৫ জুলাই সি ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই এ ইউনিট (মানবিক) এবং ২৭ জুলাই বি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ তিন দিনের পরীক্ষায় তিন ইউনিটে ২০২১-২২ সেশনে অংশ নিচ্ছেন এক লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তি-ইচ্ছুক, যার মধ্যে এ ইউনিট থেকে ৬৭ হাজার ২৩৭ জন, বি ইউনিট থেকে ৩৮ হাজার ৬২১ জন এবং সি ইউনিটে ৭২ হাজার ৪১০ জন রয়েছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ট্রেনের সাপ্তাহিক ছুটি ও ট্রেনে বাড়তি কোচ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহীর পথে বিভিন্ন জেলার সবকটি ট্রেনের সাপ্তাহিক ছুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাতিল করা হয়েছে। এ ছাড়া রাজশাহীর পথের ১১টি ট্রেনে এক বা একাধিক শোভন ও এসি চেয়ারের কোচ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা-রাজশাহীর পথের সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে একটি করে শোভন চেয়ারের কোচ লাগানো হবে। বনলতা এক্সপ্রেস ট্রেনে থাকবে অতিরিক্ত তিনটি শোভন চেয়ারের কোচ। লালমণি এক্সপ্রেসে একটি এসি কোচ থাকবে, রংপুর এক্সপ্রেস ট্রেনে একটি শোভন আর একটি কেবিন যুক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা এসে নাটোরে নামতে পারবেন। কুড়িগ্রাম এক্সপ্রেসে একটি এসি চেয়ার কোচ যুক্ত করা হবে। বাংলাবান্ধা এক্সপ্রেসে একটি এসি ও একটি শোভন চেয়ারের কোচ লাগানো হবে। কপোতাক্ষ ও মধুমতি এক্সপ্রেসে একটি করে শোভন চেয়ারের কোচ থাকবে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে দুটি শোভন চেয়ারের কোচ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি বাতিল করেছেন। এ ছাড়া ট্রেনগুলোয় বাড়তি কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে শিক্ষার্থীরা ট্রেনে করে এসে সহজেই পরীক্ষা দিতে পারবেন। তাদের দুর্ভোগ কমাতে তারা সাধ্যমতো চেষ্টা করছেন।
খাদ্য ও যানবাহনে অতিরিক্ত টাকা নিলেই ব্যবস্থা: এদিকে পরীক্ষা কেন্দ্র করে ক্যাম্পাস অভ্যন্তরের কোনো দোকানে খবারের অতিরিক্ত দাম কিংবা যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। তিনি বলেন, ভর্তি পরীক্ষা কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাসে নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। তাই এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোরূপ হয়রানি ও প্রতারণামূলক কর্মকাণ্ড এবং যানবাহন ও দোকানগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যের অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। যদি এ-সংক্রান্ত কোনো নির্দেশনা ভঙ্গের অভিযোগ ওঠে, তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে।




