Print Date & Time : 23 April 2026 Thursday 12:37 am

রাজস্ব আদায় রেকর্ড ৩ লাখ কোটি টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছর রাজস্ব আদায় প্রথমবারের মতো ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইতিহাসে রেকর্ড। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অর্থবছর শেষে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজার কোটি টাকা। আদায় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৬ দশমিক শূন্য ৭ শতাংশ। গতকাল এনবিআর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, লক্ষ্যমাত্রা থেকে ৮ দশমিক ৬ শতাংশ পিছিয়ে থাকলেও গত বছরের আহরণের তুলনায় ১৬ দশমিক শূন্য ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে ধীরগতির অর্থনৈতিক অবস্থার মধ্যে এই লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জন খুব বেশি খারাপ নয়।

তিনি বলেন, ‘প্রথমবারের মতো রাজস্ব আদায় ৩ লাখ কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে তা কিছুটা পিছিয়ে রয়েছে। সদ্য সমাপ্ত অর্থবছরে ৩ লাখ ৩০ হাজার লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৬ শতাংশ পিছিয়ে আছি। ১৬ দশমিক শূন্য ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমরা রাজস্ব আহরণ করতে পেরেছি ৩ লাখ ১ হাজার ৬৩৩ কোটি টাকা। আমাদের ওই প্রবৃদ্ধি অর্জন খুব খারাপ, তা বলব না। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। করনেট ও কর জিডিপি অনুপাত বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত অর্থবছরের জুন পর্যন্ত এনবিআরের আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগে নির্ধারিত ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ এক হাজার ৬৩৩ কোটি ৮৪ লাখ টাকা। রাজস্ব আদায়ে ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তার পরও ঘাটতি ২৮ হাজার ৩৬৬ কোটি ১৬ লাখ টাকা। লক্ষ্যমাত্রার মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাটের লক্ষ্য সবচেয়ে বেশি। এ খাতে লক্ষ্যমাত্রা ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৮ হাজার ৪১৮ কোটি ২৩ লাখ টাকা। ঘাটতি ১৯ হাজার ৫৮১ কোটি ৭৭ লাখ টাকা।

অন্যদিকে আয়কর ও ভ্রমণ করে লক্ষ্যমাত্রা ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। এই খাতে আদায় হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৯১ কোটি ৮১ লাখ টাকা। এই খাতে সর্বোচ্চ ২১ দশমিক ৭৯ শতাংশ হলেও ঘাটতি থেকে মুক্তি মেলেনি। এই খাতে ঘাটতি ২ হাজার ২০৮ কোটি ১৯ লাখ টাকা। এছাড়া আমদানি শুল্কে ৯৬ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৯ হাজার ৪২৩ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। এখানে ঘাটতি ৬ হাজার ৫৭৬ কোটি ২০ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৫ দশমিক ৯১ শতাংশ। এর আগে ২০২১-২২ অর্থবছরের ১১ মাস (জুলাই-মে) শেষেও ৩৬ হাজার ৩১০ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব ঘাটতি ছিল। গত ২০২০-২১ অর্থবছরে (জুলাই-জুন) রাজস্ব আদায়ে রেকর্ড ১৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে এনবিআর। ওই বছরে ৩ লাখ ১ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে সাময়িক হিসাবে আদায় হয় প্রায় ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ছিল ৪৫ হাজার কোটি টাকা।