Print Date & Time : 20 April 2026 Monday 10:15 am

রাবি অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধি, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটসমূহের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত ১৪টি কলেজকে একই প্লাটফর্মে নিয়ে আসার জন্য প্রথমবারের মতো এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা অধিভুক্ত কলেজসমূহে ভর্তি হতে পারবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. এ এম শহীদুল আলম।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো, সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামণিক। এ সময় প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক আবু জাফর মু. তৌহিদুল ইসলাম, প্রক্টর মো. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এই ভর্তি পরীক্ষায় ১১০৫ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছিল। এদের মধ্যে ৩৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।