শেয়ার বিজ ডেস্ক: রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া গতকাল সোমবার স্থানীয় কর্মকর্তারাও হামলার বিষয়টি নিশ্চিত করেন। খবর: সিবিএস নিউজ।
দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার বেশ কিছু জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে কিয়েভ। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। কয়েকদিন আগে ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দিয়েছে মস্কো। ইউক্রেনে একরাতে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো। তার পর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। এর মধ্যে ১৩৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকোভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়লে সেখানে আগুন ধরে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলে দুটিসহ একরাতেই ২২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি বছর এ নিয়ে তৃতীয় বারের মতো রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস কোম্পানি রোসনেফটে হামলার ঘটনা ঘটলো। এর আগের দুটি হামলা চালায় গত মাসের শেষ সপ্তাহে। চলতি বছরের প্রথম হামলাটি চালায় রাশিয়ার একটি তেল শোধনাগারে।
রাশিয়া জানায়, ১২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রিয়াজান এবং মস্কোসহ ১৩টি অঞ্চলে এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। পরের ড্রোন হামলাটি হয় পূর্ব ইউক্রেনের ফ্রন্ট লাইন থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে রাশিয়ার কিস্তোভো শহরের একটি তেল শোধনাগারে। তখন রাশিয়ার লুকোয়েল কোম্পানির একটি ডিপোয় চারটি ড্রোন আঘাত হানে।
