Print Date & Time : 20 April 2026 Monday 10:15 am

রাষ্ট্রদূতরা এ দেশে নিজেদের সম্রাট মনে করেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি, সিলেট: বিদেশি দূতদের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিদেশি কূটনীতিকদের দেশীয় মিডিয়ায় বেশি কাভারেজ দেওয়ার কারণে তারা অভ্যন্তরীণ বিষয়েও নাক গলায়। বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করে।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে বেড়ায় না। মূলত গণমাধ্যম অতিপ্রচার করার কারণে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়। তারা নিজেদের এ দেশের সম্রাট মনে করে।

ভারতের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জনের মারা যাওয়া নিয়ে একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করল, সঙ্গে সঙ্গেই চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এটা করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।