Print Date & Time : 22 April 2026 Wednesday 6:40 am

রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক পিপলুর দাফন

প্রতিনিধি, নাটোর : দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি সাংবাদিক বীর মক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে ঈদগাহ মাঠে জানাজা শেষে গাড়িখানা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন সমকাল রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব, উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাসার, সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চেীধুরী, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোরের তিনটি প্রেস ক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা। এ ছাড়া জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক পিপলুর বন্ধুবান্ধব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ তার জানাজায় অংশগ্রহণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় প্রবীণ এই সাংবাদিক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নবীউর রহমান পিপলু ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিজীবনে এই সাংবাদিক নিঃসন্তান ছিলেন। তিনি নাটোর শহরের আলাইপুর নিবাসী মৃত খন্দকার রশীদুর রহমানের ছেলে।